বন্ধ হচ্ছে নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং
তথ্য ও প্রযুক্তি ডেস্ক: পাসওয়ার্ড ভাগ করে করে সবাই মিলে নেটফ্লিক্স দেখেন? তা আর বেশিদিন করতে পারবেন না। নেটফ্লিক্স জানিয়েছে, আগামী ২-৩ মাসের মধ্যেই তারা পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেবে।
গত সপ্তাহেই নেটফ্লিক্স তাদের ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট প্রকাশ করেছে। আর তাতে আয় হ্রাসের ইঙ্গিত মিলেছে। এরপরই নড়েচড়ে বসে সংস্থা। এর আগে গত বছরেই অবশ্য পাসওয়ার্ড শেয়ারিং করার বিষয়টি বন্ধ করার পরিকল্পনা প্রকাশ করে তারা।
নেটফ্লিক্স-এর FAQ পেজে এরই মধ্যে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে, একটি সিঙ্গেল নেটফ্লিক্স অ্যাকাউন্ট কেবলমাত্র একটি পরিবারের সদস্যরাই ব্যবহার করতে পারবেন। কিন্তু যারা মূল অ্যাকাউন্টধারীর মতো সেই ঠিকানাতেই থাকেন না, তাদের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
মূল সাবস্ক্রাইবারের পরিবার বাদ দিলে, বাইরের ব্যবহারকারীদের সঙ্গে পাসওয়ার্ড শেয়ারিংয়ের বিষয়টি যেন-তেন প্রকারেণ আটকাতে চাইছে নেটফ্লিক্স। এর পাশাপাশি অবশ্য অন্য একটি পরিকল্পনাও ভাবা হচ্ছে। এমন পাসওয়ার্ড শেয়ারিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত কিছু টাকা চার্জ করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। করোনা পরিস্থিতিতে সংস্থার সাবস্ক্রিপশন বিপুল হারে বেড়েছিল। কিন্তু লকডাউন উঠে যেতেই আর আগের মতো বৃদ্ধির হার নেই সংস্থার। মূলত করোনার সময়ে অনেকেই বাড়িতে বেশি সময় কাটাচ্ছিলেন। সে কারণে অনলাইন স্ট্রিমিংয়ে খরচ করছিলেন তারা। কিন্তু লকডাউন উঠে যেতে অনেকেই আর তা করছেন না। সেই কারণেই ক্রমাগত আয় কমছে স্ট্রিমিং পরিষেবাগুলোর।
বিনিয়োগবার্তা/এমআর//



