5281135

বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির প্রশংসায় বেলজিয়ামের রানি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির প্রশংসা করেছেন ঢাকা সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিস্টিয়ানা। সফরের প্রথম দিনে নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেল্স পরিদর্শন করেছেন তিনি। কথা বলেছেন সেখানকার কর্মীদের সঙ্গে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক তৈরির কারখানা পরিদর্শনে যান রানি। কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। কর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন। কথা বলে জানার চেষ্টা করেন—কতটা মানা হচ্ছে আন্তর্জাতিক মান। রানিকে টি-শার্ট উপহার দেন ফতুল্লার ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা।

ফকির অ্যাপারেলস লিমিটেড পরিদর্শনকালে রানির সঙ্গে ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় তিনি পোশাক শিল্প কীভাবে লাখো লাখো মানুষের জীবন বদলে দিয়েছে, বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, তাদের জন্য সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তির পথ প্রশস্ত করে দিয়ে তাদের জীবনে ইতিবাচক যে পরিবর্তন এনে দিয়েছে, তা রানিকে  অবহিত করেন।

তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার প্রভৃতি ক্ষেত্রগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পের অনুকরণীয় অর্জনগুলো সম্পর্কেও রাণীকে অবহিত করেন।

ফারুক হাসান রাণী ম্যাথিল্ডকে বিজিএমইএ এর টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ সম্পর্কে অবহিত করে বলেন, এ রূপকল্পের লক্ষ্য হচ্ছে পোশাক শিল্পের প্রবৃদ্ধিকে এমনভাবে ত্বরান্বিত করা যা টেকসই হবে এবং অর্থনীতি, পরিবেশ ও জনগণের জীবনে ইতিবাচক প্রভাব রাখবে।

তিনি আরও বলেন যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক শিল্পের লক্ষ্য হচ্ছে কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি এবং ভূগর্ভস্থ জলের ব্যবহার হ্রাস করা এবং টেকসই কাঁচামাল এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা।

রানি ম্যাথিল্ডে বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই ও দায়িত্বশীল উৎপাদনের দিকে উত্তরণ এবং শ্রমিকদেরর অধিকার ও কল্যাণে অগ্রগতির প্রশংসা করেন।

বিজিএমইএ সভাপতি বেলজিয়ামের রানিকে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক গল্পগুলো বৈশ্বিক প্লাটফর্ম এবং আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ জানান।

রানির কারখানা পরিদর্শনকালে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর টুমোপোটি আইনেন এবং বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

ফকির অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান বেলজিয়ামের রানিকে স্বাগত জানিয়ে কারখানায় অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, পরিবেশবান্ধব চর্চা ও প্রযুক্তি এবং শ্রমিকদের কল্যাণে কারখানার গৃহীত বিভিন্ন উদ্যোগগুলো দেখান।

জাতিসংঘ মহাসচিব রানি ম্যাথিল্ডকে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিকারী একজন অনুপ্রেরণাদায়ক এবং প্রভাবশালী ব্যক্তি হিসাবে ২০২১-২০২৩ এর জন্য ১৭ জন এসডিজি অ্যাডভোকেটদের একজন হিসাবে নিযুক্ত করেছেন।

তিন দিনের সফরে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান বেলজিয়ামের রানি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিস্টিয়ানা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের অ্যাডভোকেট হিসেবে কাজ করেন। জাতিসংঘ মহাসচিবের এসডিজি-বিষয়ক ১৭ পরামর্শকের একজন তিনি।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)