সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রবাসী কল্যাণমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নবনিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়ার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবার আগে। তাই শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা ভীষণ জরুরি। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সবোর্চ্চ গুরুত্ত্বারোপ করেছে। পহেলা জানুয়ারি সারাদেশে বই বিতরণে ঐতিহাসিক সাফল্য সারাবিশ্বকে হতবাক করে দিয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

মন্ত্রী বলেন, মেধাবীরা এখন শিক্ষকতার মহান পেশায় এগিয়ে আসছেন।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান সঞ্চালনা করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//
 


Comment As:

Comment (0)