আইডিআরের সাথে বায়রা লাইফের সভা
বায়রা লাইফের স্থাবর সম্পত্তি বিক্রি করে দ্রুত বীমা দাবি পরিশোধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে একটি সভা সম্প্রতি কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় কর্তৃপক্ষের সকল সদস্য এবং নির্বাহী পরিচালকগণ উপস্থিত ছিলেন। কোম্পানির পক্ষে নবগঠিত পর্ষদের চেয়ারম্যান মফিজুর রহমান চৌধুরী সহ অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, বীমা দাবি পরিশোধ ও গ্রাহক সুরক্ষা, ব্যবস্থাপনা ব্যয় ও সার্বিক কমপ্লায়েন্সসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বীমা দাবি নিষ্পত্তি বায়রা লাইফের একটি অন্যতম গুরুতর সমস্যা। গ্রাহক স্বার্থ সংরক্ষণের জন্য বীমা দাবি পরিশোধের উদ্দেশ্যে কোম্পানির স্থাবর সম্পত্তি বিক্রি করে দ্রুত বীমা দাবি পরিশোধ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য কোম্পানির পর্ষদকে নির্দেশনা দেয়া হয়।
তাছাড়া কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি, বার্ষিক হিসাব প্রতিবেদন প্রস্তুত ও ভ্যালুয়েশন রিপোর্ট হালনাগাদকরণ, নিয়মিত পর্ষদ সভা করাসহ সভায় আলোচিত অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদকে পরামর্শ প্রদান করা হয়।
ভবিষ্যতে কোম্পানিতে আইনি ব্যত্যয় পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরিচালনা পর্ষদকে সতর্ক করা হয়।
বিনিয়োগবার্তা/এমআর//



