Prime Minister Ansar

বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কখনো পেছনে ফিরে তাকাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘‌বাংলাদেশ একটি স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ দেশ হয়ে ওঠার জন্য এগিয়ে যাবে। বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।’

রোববার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীটির ‘‌৪৩তম জাতীয় সমাবেশ-২০২৩’-এ প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘‌আমরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসারের যে পদক্ষেপ নিয়েছি, এতে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। সবার সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলব। স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’

শেখ হাসিনা বলেন, ‘‌আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছি, আমাদের দেশে মেট্রোরেল চালু হয়েছে, পাতাল রেলও চালু হবে, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল করে দিচ্ছি, নিজেদের অর্থায়নে আমরা পদ্মা সেতু করেছি। আর এই প্রতিটি স্থাপনার নিরাপত্তার সঙ্গে আনসার বাহিনী বিশেষভাবে জড়িত রয়েছে।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘‌দেশ অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে মানুষের জানমালের নিরাপত্তা বিধানে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‌অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াও যখন বিএনপি জামায়াত জোট শুরু করেছিল, বাস, ট্রেন, লঞ্চ, গাড়িতে যখন তারা আগুন দিচ্ছিল, আনসার বাহিনীর সদস্যরা তখন নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করে এ অগ্নিসন্ত্রাস থেকে দেশের মানুষকে মুক্তি দিতে যথেষ্ট সহায়তা করেছে। তাছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনেও ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি খেলাধুলা এবং শরীরচর্চাসহ ক্রীড়াঙ্গনেও আনসার বাহিনীর সদস্যরা বিরাট ভূমিকা রেখে যাচ্ছে এবং অনেক পুরস্কারও পাচ্ছে।’

তিনি ভাষণের শুরুতে মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মুজিবনগর সরকারকে তাদের গার্ড অব অনার প্রদানের কথাও উল্লেখ করেন। 

অনুষ্ঠানে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন এবং একটি খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. ফখরুল আলম তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৮০ জন আনসার ও ভিডিপি সদস্যের হাতে আটটি ক্যাটাগরিতে বিভিন্ন পদক তুলে দেন। পরে তিনি আনসার একাডেমিতে বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন এবং আনসার ও ভিডিপি পরিবেশিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোরিওগ্রাফি উপভোগ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)