আইসিটি বিভাগের ২৮ প্রকল্পে বরাদ্দ ১ হাজার ৫৯৫ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন ২টি কারিগরিসহ মোট ২৮টি প্রকল্পের জন্য ১ হাজার ৫৯৫ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধানরা এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাস ভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন, গৃহীত সিদ্ধান্তগুলো এবং জনবল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
সভায় জানানো হয়, আইসিটি বিভাগের জানুয়ারি ২০২৩ পর্যন্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ৩৪ দশমিক ৭১ শতাংশ।
প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
প্রকল্প পরিচালকরা প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিনিয়োগবার্তা/এসএল//



