সন্ধ্যায় ঢাকায় আসছেন মার্কিন শীর্ষ কর্মকর্তা ডেরেক শোলে
নিজস্ব প্রতিবেদক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র অ্যাডভাইজর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই দিনের ঢাকা সফরে আসছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ডেরেক শোলে বৈঠকে করবেন।
দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ডোরেক শোলের সফরে রোহিঙ্গা শরণার্থী সংকটের সমন্বয় ও প্রতিক্রিয়া, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদার এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে।
মুখপাত্র আরও জানান, ১৪-১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ও পাকিস্তানে একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডোরেক শোলে। যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরতে ও দেশগুলোর লক্ষ্য ভাগাভাগি পুনর্নিশ্চিত করতে প্রতিনিধি দলটি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
বিনিয়োগবার্তা/এসএল//



