জমির দাগ নম্বর ভুল: ময়মনসিংহে পূত্রের হাতে পিতা খুন
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে লিখে দেওয়া জমির দাগ নম্বর ভুল হওয়ায় পূত্রের দা'য়ের কোপে জয়নুদ্দীন (৭৫) নামের এক বৃদ্ধ পিতা খুন হয়েছে। এ ঘটনার পর থেকে পূত্র আঃ মতিন (৩৫) পলাতক রয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) ভোরে ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে।
নিহত জয়নুদ্দীন ওই এলাকার স্হানীয় বাসিন্দা। পলাতক পূত্র আঃ মতিন নিহতের প্রথম স্ত্রীর সন্তান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জয়নুদ্দীনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আঃ মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩ কাঠা জমি লিখে দেন কিন্তু ঐ জমির দাগ নম্বর ভূল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে জয়নুদ্দীন তার নিজ ধানক্ষেতে পানি দেওয়ার সময় পূত্র আঃ মতিন পেছন থেকে দা'য়ের কোপ দিয়ে পিতাকে খুন করে পালিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ফারুক হোসেন জানান-ঘটনাস্হল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//এইচএ//



