ডেল

প্রায় সাড়ে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে ডেল

তথ্য-প্রযুক্তি ডেস্ক: কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিনভিত্তিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেল ইনকরপোরেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তাদের ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে। এ হিসেবে প্রতিষ্ঠানটির প্রায় সাড়ে ৬ হাজার কর্মী ছাঁটাই হচ্ছেন।

কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়েছেন ডেলের কো-চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্ক।

তিনি ছাঁটাই-সংক্রান্ত একটি মেমো ইস্যু করেছেন। সেই মেমোর বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, কোভিড-১৯ মহামারির ফলে বাজারে অন্যান্য সংস্থার মতো তাদের তৈরি সামগ্রীর চাহিদা তেমন আর নেই। তাই প্রতিষ্ঠানের খরচ কমাতে কর্মী ছাঁটাই ছাড়া অন্য উপায় নেই। 

ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের হিসাব অনুসারে, ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে ব্যক্তিগত কম্পিউটারের বাজার তুলনামূলক হ্রাস পেয়েছে। যেসব সংস্থা এ ধরনের কম্পিউটার তৈরি করে তাদের মধ্যে ডেলের বাজার অস্বাভাবিক হারে সংকুচিত হয়েছে। তাদের বিক্রি কমেছে ৩৭ শতাংশ। 

বিশ্বে বাজারে পার্সোনাল কম্পিউটার বিক্রি করে মোট আয়ের ৫৫ শতাংশ আসে ডেল থেকে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)