শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের প্রচেষ্টায় চলচ্চিত্রে সুদিন ফিরেছে

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন বলেছেন, বিভিন্ন কারণে চলচ্চিত্র শিল্প সংকটে পতিত হয়েছিল। এছাড়া ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ শিল্প মুখ থুবড়ে পড়ে। তবে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ ও প্রচেষ্টায় চলচ্চিত্র শিল্পে সুদিন ফিরেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে ১৫ দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠান আয়োজন করে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বর্তমান সরকারের সময়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে আধুনিক সিনেপ্লেক্স থাকবে।

তিনি আরো বলেন, চলচ্চিত্র শিল্প এমন একটি মাধ্যম, যা খুব দ্রুত মানুষকে প্রভাবিত করতে পারে। এ শিল্পের সংকট উত্তরণকালে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজন এক অসাধারণ পদক্ষেপ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক হায়দার রিজভী এবং শামীম আখতার।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)