BGMEA President BD Ambassedor in France

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিজিএমইএ সভাপতির বৈঠক

ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ফ্রান্সের সাথে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এর সঙ্গে সাক্ষাৎহ করেছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৩) প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিজিএমইএ’র সভাপতির এই আলোচনা হয়।

তারা বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান ও আসন্ন চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পরও পোশাক শিল্প কিভাবে ইউরোপের বাজারে বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, তা নিয়ে আলোচনা করেন। 

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ফ্রান্সের বাজারে আরও বেশি বাণিজ্যের সুযোগ সৃষ্টির জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশের পোশাক রপ্তানির পাশাপাশি ফ্রান্সের বাজারে এদেশের অন্যান্য পণ্যের রপ্তানি সম্ভাবনা চিহ্নিত করতে দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

তিনি বিশ্ব বাজারে উচ্চ মানের পণ্য রপ্তানির মাধ্যমে  পোশাক শিল্প যে উন্নয়নের পরবর্তী স্তরে যাওয়ার লক্ষ্য নির্ধারন করেছে, সে বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

তিনি পোশাক শিল্পের সাফল্যের গল্পগুলো, বিশেষ করে কর্মক্ষেত্রের নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যান, প্রভৃতি ক্ষেত্রগুলোতে শিল্প যে অনন্য অগ্রগতি অর্জন করেছে, সেগুলো ফরাসি সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের কাছে তুলে ধরার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বাংলাদেশের উন্নয়নে পোষাক শিল্পের ভূমিকার ভূয়সি প্রশংসা করেন। এসময় বিজিএমইএ সভাপতিকে পোশাক শিল্পের স্বার্থে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন এন্ড পাবলিসিটি এর  চেয়ারম্যান, শোভন ইসলাম এবং দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর দিলারা বেগম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)