বেসরকারি মেডিকেলে ভর্তি ফি

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি বেড়েছে ৩ লাখ টাকা 

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের আগামী শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বাড়িয়েছে সরকার। তিন লাখ ২৪ হাজার টাকা বেড়ে নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, যা এর আগে ছিল ১৬ লাখ ২০ হাজার টাকা।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে গত ৯ ফেব্রুয়ারি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বাড়ানো বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে নতুন করে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা ২০১৮ সালের ১৫ মার্চ জারিকৃত প্রজ্ঞাপনের চেয়ে তিন লাখ ২৪ হাজার টাকা বেড়েছে। সে সময় ভর্তি ফি ছিলো ১৬ লাখ ২০ হাজার টাকা ছিলো।

তবে মেডিকেলের ভর্তি ফি বাড়ানো হলেও ইন্টার্নশিপ ফি আগের মতো এক লাখ ৮০ হাজার টাকাই আছে। মাসিক টিউশন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স এবং ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের বিভিন্ন প্রকার ফি নিম্নরূপ পুনর্নির্ধারণ করা হলো। 

‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২’ এর ২২ ধারা অনুসারে বেসরকারি মেডিকেল কলেজ প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক টিউশন ফি অনুমোদিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)