সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত, সুশাসনই আমাদের লক্ষ্য।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য সামনে নিয়েই আমরা দেশ পরিচালনা করছি। তিনি (বঙ্গবন্ধু) নিজেকে প্রধানমন্ত্রী নন, জনগণের সেবক মনে করতেন। এসময় ঔপনিবেশিক ধ্যান ধারণা পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আজকের নবীন কর্মকর্তাই হবেন ৪১ এর উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে। সে দায়িত্ব বর্তায় নবীন কর্মকর্তাদের ওপর।
শেখ হাসিনা বলেন, করোনা মহামারি শেষ হতে না হতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয়। যার ফলে কয়টি দেশ এসডিজি বাস্তবায়ন করতে পারে, সেটা নিয়ে সন্দেহ আছে। তবে আমরা যেভাবে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি তাতে এসডিজির অনেক লক্ষ্যই বাস্তবায়ন করতে পারব।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



