আবাসন

রিহ্যাবের সাথে প্রাক বাজেট সভায় এনবিআর চেয়ারম্যান

‘আবাসন খাতে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের দাবি প্রতিবছর মানায় না’

নিজস্ব প্রতিবেদক: আবাসন খাতে ক্রেতাদের জন্য বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। তবে এ দাবিকে নিরুৎসাহিত করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেন, ‘অপ্রদর্শিত টাকা বাড়ি কেনার জন্য দিতে হবে, এ ধরনের দাবি প্রতিবছর করাটা মানায় না। তাহলে অনবরত অর্থনীতিতে কালো টাকা তৈরা হবে, আর আপনারা বাড়ি কিনবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক বাজেট সভায় বারভিডা, বিসিএমইএ, রিহ্যাব, বিটিএ, এলএফএমইএবির সঙ্গে আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিহ্যাবের প্রস্তাব তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. সোহেল রানা। প্রস্তাবে প্রথম ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অর্থের উৎস না দেখানোর সুযোগসহ আয়কর অধ্যাদেশের আগের ধারা পুনরায় প্রবর্তন করার কথা বলে তিনি। বর্তমান ধারা অনুযায়ী এ ক্ষেত্রে পুরোপুরি দায়মুক্তি দেওয়া হয়নি।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, গ্রাজুয়েশন একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে হলে দ্রুত আমাদের শিল্পে বিকাশ ঘটাতে হবে। ‘মেড ইন বাংলাদেশ পণ্যে জোর দিতে হবে। অনেক সময় দেখা যায় টেলিভিশন বাইরে থেকে আনতে আনতে দেশে বানানো শুরু হয়ে যায়।

আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, উন্নতকে দেশ করতে হলে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে আবার কর আদায়ও বাড়াতে হবে। এসব কিছুই বিবেচনা করতে হবে। এ জন্য ব্যবসায়ীদের তৈরি থাকার পাশাপাশি কর দেওয়ার মানসিকতা তৈরির কথা বলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)