বইমেলা শেষ হচ্ছে ১২ এপ্রিল

পর্দা নামলো অমর একুশে বইমেলার; ৪৭ কোটি টাকার বই বিক্রি

নিজস্ব প্রতিবেদক: শেষ হলো অমর একুশে বই মেলা। এবারের বইমেলায় কমপক্ষে ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। ২০২২-এ সমগ্র মেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্যসচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে এ তথ্য জানান। সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। আর এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

ডা. কে এম মুজাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী শুধু বাংলা একাডেমি ২০২২ সালে ৩১ দিনে ১ কোটি ৩৪ লাখ টাকার বই বিক্রি করে। এবার ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২৭ দিনে বাংলা একাডেমি ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে।

তিনি বলেন, ‘‌মেলায় স্থাপনকৃত আর্চয়ের পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা ৬৩ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন। তবে ৪৭ কোটি টাকার বই বিক্রির তথ্যে বিভ্রাট রয়েছে বলে জানান সদস্যসচিব নিজেই। তিনি বলেন, ‘‌অনেক স্টল/প্যাভিলিয়নের কোনো হিসাব পাওয়া যায়নি। আবার অনেক স্টলের তথ্য উপাত্ত বাস্তবসম্মত নয়। ফলে এটি যে মেলার পূর্ণাঙ্গ বিক্রির হিসাব তা পরিচালনা কমিটি মনে করে না।

প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ এমপি বলেন, ‘‌আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত এবারের বইমেলা সমাপ্তির দ্বারপ্রান্তে। বইমেলা কেবল বই বিক্রির জায়গা নয়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রাণের মেলা অমর একুশে বইমেলা ২০২৩ সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়েছে।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘‌কভিড মহামারী পরবর্তীকালে এক মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৩ আয়োজন সত্যিই আমাদের জন্য বড় একটি সফলতা। বিন্যাস ও আঙ্গিকগত দিক দিয়ে এবারের বইমেলা সবার কাছে প্রশংসিত হয়েছে।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘‌বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা আমাদের জাতীয় জীবনে বড় একটি দিগন্ত। বই পাঠের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণদের মধ্যে মানবিক দর্শন জাগ্রত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, পরপর দুবার ভার্চুয়ালি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সশরীরে বইমেলা ২০২৩-এর উদ্বোধন করেন। ওই দিন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ১৫ জন লেখকের হাতে পুরস্কার তুলে দেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)