রাজস্ব

সাত মাসে রাজস্ব ঘাটতি ১৭ হাজার ২৬৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: আমদানি-রফতানিতে ধীরগতি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বছরের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয় কমেছে উল্লেখযোগ্য হারে। সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে শুল্ক আহরণে, জানুয়ারি পর্যন্ত যা ১১ হাজার ৯৭৫ কোটি টাকা। এছাড়া রাজস্ব আয়ে মোট ঘাটতি ১৭ হাজার ২৬৬ কোটি টাকা।

এনবিআরের রাজস্ব আয়ের বিবরণী (সাময়িক) সূত্রে এ তথ্য জানা যায়।

এনবিআরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আয়করে, ১১ দশমিক ৯ শতাংশ এবং মূসকে প্রবৃদ্ধি ২ দশমিক ৫৪ শতাংশ। তবে শুল্ক আহরণে ঘাটতি ছিল দশমিক ৫৩ শতাংশ। এছাড়া শুল্ক, মূসক ও আয়কর মিলে জানুয়ারিতে মোট ৪ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ওই মাসে মূসকে সবচেয়ে বেশি ৯ হাজার ৬৮১ কোটি ও আয়করে ৮ হাজার ৪০৫ কোটি টাকা আয় হয়েছে। এছাড়া আমদানি ও রফতানি পর্যায়ে শুল্ক আয় হয়েছে ৭ হাজার ৫৩৪ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারিতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল শুল্কে ৯ হাজার ৮৭৬ কোটি, মূসকে ১৩ হাজার ৫ কোটি ও আয়করে ৮ হাজার ৬০৮ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে আমদানি ও রফতানি শুল্কে লক্ষ্যমাত্রা ১ লাখ ১১ হাজার, মূসকে ১ লাখ ৩৬ হাজার ৯০০ এবং আয়কর ও ভ্রমণ কর ১ লাখ ২২ হাজার ১০০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম সাত মাস (জুলাই-জানুয়ারি) শেষে রাজস্ব আয়ে এখনো ৫৩ দশমিক ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। এর মধ্যে আমদানি ও রফতানি শুল্কে ৫২ দশমিক ৭৫ শতাংশ, মূসকে ৫১ দশমিক ৩৫ ও আয়করে ৫৬ দশমিক ৩৮ শতাংশ। তবে গত অর্থবছরের (২০২১-২২) জানুয়ারির তুলনায় চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।

জানুয়ারি পর্যন্ত মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৯ হাজার ৫৭৫ কোটি টাকা, যেখানে আয় হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩০৯ কোটি টাকা। এর মধ্যে মূসকে ঘাটতি ২ হাজার ৫৩১ কোটি ও আয়করে ২ হাজার ৭৫৮ কোটি টাকা।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)