পাইলট নিয়োগ ও আনুষঙ্গিক বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিমানের
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কিছু গণমাধ্যমে বিমানের পাইলট নিয়োগ ও আনুষঙ্গিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে বিমান কর্তৃপক্ষ প্রতিবাদ জানিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ হতে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক জনসংযোগ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানায় যে, প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বিমান কর্তৃপক্ষের বক্তব্য নিম্নরূপ:
“বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বোয়িং-৭৭৭ 'এর ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের পদ শূন্য থাকায় ০৮জন ক্যাপ্টেন ও ০৬জন ফার্স্ট অফিসার চুক্তিভিত্তিক (৫ বছর) নিয়োগের জন্য ২৩ নভেম্বর ২০২১ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারীদের মধ্য হতে কোম্পানীর বিদ্যমান নীতিমালা যথাযথভাবে অনুসরণপূর্বক ৮জন ক্যাপ্টেন ও ৬জন ফার্স্ট অফিসারকে শর্ত সাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত পাইলটগণ নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে ১ম ফ্লাইট থেকে নির্ধারিত হারে বেতন ভাতা প্রাপ্য হবেন। ইতোমধ্যে ৪জন ক্যাপ্টেন ও ১জন ফার্স্ট অফিসার প্রশিক্ষণ সম্পন্ন করে ফ্লাইট পরিচালনা করছেন।
অবশিষ্ট পাইলটদের মধ্যে ১জন পদত্যাগ করেছেন, ১জন কোন প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি। ০৬জন প্রশিক্ষণরত আছেন। অবশিষ্ট ০১ জনের সার্টিফিকেট যথাযথ না হওয়ায় বিমান কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রাথমিক তদন্ত করেছে এবং প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। কেউ প্রশিক্ষণ সম্পন্ন করতে অপারগ হলে কিংবা অন্য কোন ধরনের অসংগতি পাওয়া গেলে তাদের প্রাথমিক চুক্তি বাতিলসহ কোম্পানীর নিয়মানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশিক্ষণরত অবস্থায় তাদেরকে কোনোরূপ বেতন-ভাতা বিমান হতে প্রদান করা হচ্ছে না এবং নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করতে না পারলে তাদের বেতন-ভাতা প্রদানের কোন সুযোগ নেই। অযোগ্য পাইলটদের প্রচুর বেতন-ভাতা প্রদান করা হচ্ছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।”
ভবিষ্যতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর তথ্যসমূহ অধিকতর যাচাই-বাছাই করে প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ।
বিনিয়োগবার্তা/ডিএফই//



