দিনাজপুরে ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে ৭ দিনব্যাপী ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩’ শুরু: চলবে ১৩ মার্চ পর্যন্ত।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টায় দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবু জাফর, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নূরুল গণী শোভন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার।
০৭-১৩ মার্চ ২০২৩ মেলার ৬০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ তাঁদের উৎপাদিত শুধু দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
১১ মার্চ ২০২৩, শনিবার বিকাল ০৪টায় মেলা প্রাঙ্গণে ‘রংপুর বিভাগে এসএমই খাতের উন্নয়নে করণীয় এবং উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি বিষয়ে আলোচনা’ অনুষ্ঠিত হবে।
১৩ মার্চ ২০২৩, বিকাল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠান ও মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ স্টল নির্বাচন করে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, চলতি বছরে সিলেটে ১৬-২২ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১২-১৮ জানুয়ারি এবং বরিশালে ০১-০৭ ফেব্রুয়ারি ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজন করা হয়। পরবর্তীতে খুলনা বিভাগের যশোরে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে এসএমই ফাউন্ডেশনের।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩-এর সব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মেলার লক্ষ্য ও উদ্দেশ্য:
- ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণ।
- এসএমই উদ্যোক্তাদের পারষ্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সেতু বন্ধন তৈরিতে সহায়তা।
- এসএমই উদ্যোক্তা ও ভোক্তাদের মাঝে পারষ্পরিক সম্পর্ক স্থাপন।
- পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



