ঈদের ছুটিতে হাসপাতালেগুলোতে চিকিৎসা সেবার কোনো বিঘ্ন ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঈদের ছুটির সময় দেশের হাসপাতালগুলোতে সেবার কোনো বিঘ্ন ঘটেনি জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। চিকিৎসক, নার্স ও কর্মচারিগণ পালাক্রমে যথাযথভাবে দায়িত্ব পালন করায় রোগীরা অব্যাহত সেবা গ্রহণ করতে পেরেছেন।

বুধবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

ঈদের সময় রোগীদের সঠিক ভাবে সেবা দেয়ার জন্য চিকিৎসক, নার্সদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কর্মস্থলে উপস্থিত থেকে মানুষের সেবা করার এমন দৃষ্টান্ত অব্যাহত রাখলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সফল হবেই।

স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সর্বোচ্চ স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় জনগণের স্বাস্থ্যমানের উন্নয়ন ঘটেছে। স্বাস্থ্যখাতে আমাদের অর্জন আজ বিশ^ব্যাপী দৃষ্টান্ত হিসাবে দেখানো হচ্ছে। এই অর্জনকে আরো ঊর্ধ্বে নিতে হলে আগামী দিনের কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নির্দিষ্ট সময়ের মধ্যেই নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হলে সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদেরকে নিজ নিজ দায়িত্ব পালনে আরো যত্নবান হতে হবে।

এসময় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(এমআইআর/ ২৮ জুন ২০১৭)


Comment As:

Comment (0)