সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক: গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন কাতারের দোহায় রয়েছেন। স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘের সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকেলে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলের বিস্ফোরণে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।
রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৮ হয়েছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



