ইউ রাষ্ট্রদূতদের সাথে আইনমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে আইনমন্ত্রী

​​​​​​​আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ হবে

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ওপর বিদেশীদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি আরো বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ হবে। সরকার চায় সব দলই এই নির্বাচনে আসুক। তবে সরকার সংবিধানের বাইরে যাবে না।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন আনিসুল হক। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন, প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে কথা হয়েছে বলেও জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যানপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের আবেদন বিষয়ে মন্তব্য করেন আনিসুল হক।

তিনি জানান, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে অন্তর্বর্তীকালীন মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় এসেছে। তবে নথিটি এখনো তার কাছে উপস্থাপন করা হয়নি। তিনি মতামত দেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন কি-না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার কাছে এখনো আবেদনটি আসেনি। এলে আমি নিষ্পত্তি করব। আমি যখন এটি নিষ্পত্তি করব, আমি আপনাদের অবশ‌্যই জানাব। এখনো আমি জানি না ফাইলের মধ‌্যে কী আছে।

যতটুকু জানা গেছে, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এবার স্থায়ী জামিন চাওয়া হয়েছে- এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। প্রথমবার যখন তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়, তখন দুটি শর্ত দেওয়া হয়। দুটি শর্তের মধ‌্যে রয়েছে- তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয় তখনো এ শর্তগুলো ছিল।

তিনি বলেন, এখন যে আবেদন এসেছে, আপনারা কিছুদিনের মধ‌্যে সে বিষয়ে জানতে পারবেন। যে শর্ত আছে সেটাই বহাল থাকবে বলে আমি মনে করি।

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি-না? এ বিষয়ে আনিসুল হক বলেন, আমি এ ব‌্যাপারে একটা পরিষ্কার কথা বলতে চাই। আমি আগে যেটা বলেছিলাম, সেটা আইনের বইতে কী আছে আপনারা দেখে নেন। আমি এটার ব‌্যাপারে আর কথা বলব না।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)