ঢাকায় যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান। শুক্রবার (১০ মার্চ) ঢাকায় পৌঁছালে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব সাব্বির আহমেদ চৌধুরী। তার সফরে ইন্দো-প্যাসিফিকসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে।
অ্যান-মারি ট্রেভেলিয়ানের এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করবেন।
ট্রেভেলিয়ান যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু চুক্তিতেও স্বাক্ষর করবেন যার লক্ষ্য জলবায়ু কর্মকাণ্ডে সহযোগিতা বাড়ানো। এছাড়া নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার করবেন।
সফর বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকার ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে, মন্ত্রী ট্রেভেলিয়ান সুশীল সমাজের সংগঠন, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গেও আলোচনা করবেন। এছাড়া তিনি যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু চুক্তিতেও স্বাক্ষর করবেন যার লক্ষ্য হল জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিকভাবে সহযোগিতা বাড়ানো।
অ্যান-মেরি ট্রেভেলিয়ান বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ৫১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে গর্বিত। বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে প্রতিরক্ষা, জলবায়ু পদক্ষেপ এবং মানবিক সহযোগিতার মতো বিষয়গুলোসহ আমাদের সম্পর্ক আমাদের ভাগ করা নীতির মধ্যে নিহিত। সফরের মাধ্যমে, আমি আমাদের ঘনিষ্ঠ এবং মূল্যবান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অপেক্ষায় রয়েছি।
বিনিয়োগবার্তা/এসএএম//



