খাগড়াছড়িতে তথ্যমন্ত্রী
শান্তি চুক্তি ও মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও পাহাড়িদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন, আর শেখ হাসিনা সেই বিভেদ দূর করে পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন।
শনিবার (১১ মার্চ) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এখন বাঙালি ও পাহাড়িদের মধ্যে আস্থার সঙ্কট নেই। বিচ্ছিন্ন যে সব ঘটনা, তা শুধু চাঁদাবাজির কারণে।
ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে-সমতলে আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের এ পরিবর্তন বিএনপির পলাতক নেতা তারেক রহমানের সহ্য হচ্ছে না, খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে আর মির্জা ফখরুল বকবক করছেন।
কৃষক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর কৃষিপ্রীতি তুলে ধরে সম্প্রচারমন্ত্রী বলেন, ২০০৯ সালে আমরা সরকার গঠনের পর প্রথম মন্ত্রিপরিষদ সভার প্রথম সিদ্ধান্ত ছিল কৃষি ও কৃষকের জন্য ভর্তুকি দেয়া। আর জননেত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষিকে কত ভালোবাসেন, গণভবনে কৃষি উৎপাদনের কথা আপনারা টিভিতে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। গণভবনে মৌমাছির চাষ করে একশ কেজি মধু হয়েছে। অন্যান্য শাকসবজি উৎপাদন হচ্ছে, ধানও হচ্ছে। সেখানে অন্য প্রধানমন্ত্রীরাও ছিলেন, খালেদা জিয়াও ছিলেন, তারা কেউ এটি করতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা সেই প্রধানমন্ত্রী যিনি দল পরিচালনা করেন আবার কিষাণি হিসেবেও কাজ করেন।
কৃষক লীগ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, কৃষক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন যা সমগ্র দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত সুসংগঠিত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেশে ফিরে কৃষক লীগের মাধ্যমে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছেন। সেই সময় থেকে প্রথমে বছরে এক মাস, পরে বছরে তিন মাসব্যাপী এ অভিযান চলে আসছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, তখনও কৃষক লীগ কৃষকের কল্যাণে কাজ করে গেছে।
এর আগে সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



