প্রেস ক্লাবে দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকার প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পীকার

স্মার্ট বাংলাদেশের যাত্রায় মানবতার কণ্ঠ দায়িত্বশীল ভূমিকা পালন করবে: ডেপুটি স্পীকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রতিটি স্তম্ভকেই শক্তিশালী রাখতে হবে অন্যথায় রাষ্ট্রের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হবে। আজকে যাত্রা শুরু করা দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর প্রেস ক্লাবে দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকার প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকাটির প্রকাশনার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেচে থাকলে সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নে আন্দোলন করতে হত না। বাংলাদেশ অনেক আগেই উন্নত হত এবং সাংবাদিকদের দাবি দাওয়াও পূরণ হয়ে যেত।

মোঃ শামসুল হক টুকু বলেন, বর্তমানে বিভিন্ন গণমাধ্যম যেমন স্বাধীনতা ভোগ করছে অতীতে কখনো এত স্বাধীনভাবে কাজ করতে পারে নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে স্মার্ট সাংবাদিক তৈরিতে সব ধরণের সুযোগ সুবিধা প্রদান কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এছাড়া অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।

দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফরোজা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক, পত্রিকার নির্বাহী সম্পাদক রাকিবুল ইসলাম ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)