ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক দোকানপাট মালামালসহ পুড়েছাই
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার (ময়মনসিংহ-নেত্রকোনা)হাইওয়ে সড়কের শ্যামগন্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় শতাধিক দোকানপাট মালামালসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
জানাগেছে, বুধবার ২২ মার্চ ২০২৩ ইং তারিখ রাত প্রায় ১০ ঘটিকার সময় বাজারের মদকপট্টি এলাকায় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।আনুমানিক ধারণা করা হচ্ছে এই অগ্নিকান্ডে স্থানীয় ব্যবসায়ীদের প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঠিক ঐ সময়ে অগ্নিকান্ডের ঘটনা দেখতে আসার সময় পথিমধ্যে ময়মনসিংহ নেত্রকোনা রোডের বেলতলী নামক স্হানে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক দুঘর্টনায় স্থানীয় বেলতলী গ্রামের ৩ ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হন আরও ৪ জন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় অনেকেই জানান- শ্যামগঞ্জ বাজারে মদকপট্টি একটি ঘনবসতিপূর্ণ ব্যবসায়িক এলাকা। এখানে ৫ শতাধিক বিভিন্ন পাইকারি-খুচরা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বুধবার রাত প্রায় ১০ টার দিকে হঠাৎ এই বাজারের গলিতে আগুন লাগে। কয়েক মিনিটে এ আগুন ভয়াবহ রূপধারন করে ছড়িয়ে পড়ে বাজারের শতাধিক দোকান-পাটে। নিয়ন্ত্রণহীন এ আগুনে নিমিষে পুড়ে ছাই হয়ে যায় দোকানপাটসহ সম্পূর্ন মালামাল।
খবর পেয়ে বিভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ও স্থানীয় লোকজনের অক্লান্ত চেষ্টায় প্রায় ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোথা থেকে কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা সু-নির্দিষ্টভাবে কেউ কোন কিছু বলতে পারেনি। এ অগ্নিকান্ডে স্থানীয় ব্যবসায়ীদের প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাদের ধারণা।
গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ শাহজাদা জানান- রাত সোয়া ১০ টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে অতিদ্রুত তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। কিন্তু তাদের পক্ষে এ ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩ ঘন্টার অক্লান্ত চেষ্টায় তারা এ আগুন নিয়ন্ত্রণে আনেন। কোথা থেকে কিভাবে এ আগুনের সূত্রপাত এ বিষয়টি তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুরসালিন, মুসা,সোহেল,বিল্লালসহ আরো একাধিক জন জানান- অগ্নিকান্ডে তাদের বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠানের ঘরসহ সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। এতে তাদের প্রত্যেকের প্রায় নিম্নে এক দেড় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
চালের আড়ৎদার বাদল চন্দ্র সাহা জানান- অগ্নিকান্ডে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ঘরসহ মজুদ রাখা সম্পূর্ণ চাল পুড়ে গেছে। এতে প্রায় তাদের ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে অগ্নিকান্ডের খবরে রাতের ঠিক ঐ সময়ে সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে এ বেলতলী গ্রামের কয়েকজন লোক ঘটনাস্থলে যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে চরপাড়া এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বেলতলী গ্রামের শামছুল হক ফকির (৪৮), হুমায়ূন (২৫) ও রুবেল মিয়া (৩০) নামে তিন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় এবং এসময় দুর্ঘটনায় আহত হন আরো ৪ জন।তাদের মধ্যে বাদশা মিয়া (২২), কালাচাঁন (২৭), সাইদুল মিয়া (৩৫) ও দুদু মিয়া (৪০)। নিহতের বাড়িসহ পুড়ো শ্যামগন্জ এলাকায় বইছে শোকের মাতম।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ।
উক্ত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর ও তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে জেলা প্রশাসন সহ সকল উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করেছেন।
বিনিয়োগবার্তা/এইচএল/এমআর//



