WhatsApp Image 2023-04-04 at 3

বিজিএমইএ’কে বঙ্গবন্ধুর উপর আঁকা চিত্র উপহার দিয়েছেন কুহু প্লামোন্ডন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উন্নয়ন এবং দেশকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করার জন্য বিজিএমইএর প্রচেষ্টা এবং অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত শিল্পী ও ফ্যাশন ডিজাইনার, কুহু প্লামোন্ডন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানকে প্রতীকী উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটি চিত্রকর্ম উপহার দিয়েছেন।

বিজিএমইএ কমপ্লেক্সে চিত্রকর্মটি উপহার দেয়ার সময় বিজিএমইএ এর পরিচালক নীলা হোসনে আরা এবং জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথীও উপস্থিত ছিলেন।

কুহু প্লামোন্ডন ডেনিম, নিট এবং অ্যাক্রিলিক ব্যবহার করে “মেইড ইন বাংলাদেশ” শিরোনামে চিত্রকর্মটি তৈরি করেছেন, যেখানে বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং পোশাক শিল্পকে শৈল্পিক আকারে চিত্রিত করা হয়েছে।

কুহু বলেন, “মেইড ইন বাংলাদেশ” চিত্রকর্মে নীল আকাশের নীচে জীবন্ত কিংবদন্তী, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে ফিরে আসার উপাখ্যান চিত্রিত হয়েছে।”

তিনি আরও বলেন, “চিত্রকর্মের দ্বিতীয় অংশে পায়রাকে স্বাধীনতা এবং শান্তির প্রতীক বোঝানো হয়েছে। চিত্রে সব পায়রাগুলো স্বাধীন বলে উড়ছে। বঙ্গবন্ধু এ দেশবাসীকে ডানা দিয়েছেন, যাতে করে তারা মুক্ত বিহঙ্গের মতো উড়তে পারে! পায়রাগুলো প্রতীকীভাবে পোশাক কর্মীদের প্রতিনিধিত্ব করছে, যারা নিজ নিজ পরিবারের জন্য ভালবাসা, খাবার এবং সুখ নিয়ে আসে। বঙ্গবন্ধু আমাদের একটি জাতি এবং একটি পরিচয় উপহার দিয়েছেন এবং সে কারনে আজ আমরা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অমূল্য অবদান রাখার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধুকে  বাংলাদেশের জনগণ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবিচ্ছেদ্য  অংশ। আমরা যখন বাংলাদেশের কথা বলি,  তখন তার আইকনিক ব্যক্তিত্বই আমাদের মনের মাঝে ভেসে উঠে।”

চিত্রকর্মের জন্য কুহু প্লামোন্ডনকে ধন্যবাদ জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “গনতন্ত্র ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু  দেশপ্রেমের প্রতীক হিসেবে বাংলাদেশকে গৌরব ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন। পোশাক শিল্প খাত সমগ্র জাতির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিত্রকর্মে বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং পোশাক শিল্পকে উজ্জ্বলভাবে  চিত্রিত করা হয়েছে।”

কুহু প্লামোন্ডন একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাংলাদেশী শিল্পী এবং ফ্যাশন ডিজাইনার। তিনি  ১৯৭৭ সালে ইনস্টিটিউট অফ ফাইন আর্টস  (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)  থেকে অঙ্কন ও চিত্রকলায় স্নাতক হন। তিনি ১৯৮৩  সালে তার মাস্টার্স শেষ করেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে একাধিক একক ও দলীয় প্রদর্শনী করেছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)