news_336971_1

জাতীয় সংসদে হাসানুল হক ইনু

সংসদ সদস্যদের ক্ষমতায়নে সংবিধান পর্যালোচনার প্রস্তাব ইনুর

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের চার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বিষয়ের বিলোপ, ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগত বিভ্রান্তি দূরীকরণ এবং ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যদের ক্ষমতায়নে সংবিধান পর্যালোচনায় সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সংসদ নেতা প্রধানমন্ত্রীকে প্রধান করে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের সমন্বয়ে এই কমিটি গঠনের কথা বলেন তিনি।

জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আজ শনিবার (৮ এপ্রিল) ইনু এ প্রস্তাব করেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবটি সংসদে তোলেন।

এ সময় বিএনপি-জামায়াতের সমালোচনা করে ইনু বলেন, নষ্ট রাজনীতির ধারক-বাহক বিএনপি ও জামায়াত তথাকথিত ২৭ দফা ও ১০ দফা দিয়ে সংবিধান খোলনলচে বদলে দেয়ার হুংকার ছেড়েছে। সংবিধানটাকে বাতিল করার কথা বলছে।

প্রস্তাবনায় তিনি বরেন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিল বাদ দিয়ে ৭০ অনুচ্ছেদ সংশোধন করে এমপিদেরকে আইন তৈরি আরো ক্ষমতা প্রদান, সংসদের স্থায়ী কমিটিতে উন্মুক্ত করা ও সকল স্থানীয় সরকার প্রতিনিধিদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং সংবিধান ৫৯ ও ৬০ অনুচ্ছেদ সংশোধন করা। সার্বজনীন স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা ও সামাজিক নিরপত্তা ব্যবস্থা এবং ইন্টারনেট সার্বজনীন ব্যবহার অধিকার সংবিধানের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করতে রাষ্ট্রকে বাধ্য করা। বিচারপতিদের নিয়োগ ও অভিশংসনের বিষয়টি আবার পর্যালোচনা করা। রাষ্ট্রের কোনো লিঙ্গ, ধর্ম, জাতপাত নেই। স্বয়ং মহানবী (সা.) মদিনা সনদে বিসমিল্লাহ ব্যবহার করেননি। উনি কোনোদিনই ধর্মকে ব্যবহার করেননি।

সংবিধান পর্যালোচনায় সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করে বলেন, সংবিধানের চারনীতি পুনজ্জীবনের পরে এই সাংঘর্ষিক অবস্থা (বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম) আমাদের বিব্রত করছে। সংবিধানের এই সাংঘর্ষিক অবস্থা থেকে রেহাই দেয়ার জন্য সংবিধানের মুল কাঠামোর সঙ্গে যা যা সাংঘর্ষিক তা বিলোপসাধন করার বিবেচনা করা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিগোষ্ঠী সম্পর্কে বিভ্রান্তি দূর করা ও তাদের আত্মপরিচয় আরো স্পষ্ট করা। এ সব আলোচনার বিষয়গুলো নিয়ে আমি সংবিধান পর্যালোচনার করার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সংসদে প্রতিনিধিত্বশীল সকল রাজনৈতিক দলের সমন্বয়ে সংবিধান পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করছি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)