বিসিকেন মেলা

বিসিক ও বাংলা একাডেমির উদ্যোগে রাজধানীতে বৈশাখী মেলা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বৈশাখী মেলা-১৪৩০ শুরু হয়েছে। মেলা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ও স্বাগত বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘‌প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় শুরু থেকেই উদ্যোগ গ্রহণ করেছে। পরিকল্পিত সবুজ শিল্পায়নের মাধ্যমে গ্রামকে শহরে উন্নয়নের লক্ষ্যে সরকার কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতকে মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করেছে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিএমএসএমই শিল্প খাতের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘‌বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বিসিক উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে শিল্পসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিক আগামী দিনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।ads

এবারের বৈশাখী মেলায় মোট ৮৮টি স্টল রয়েছে। এর মধ্যে চামড়াজাত ও পাটজাত পণ্য ১৩টি, ফ্যাশন/বুটিকস পণ্য ৪৮টি, খাদ্যজাত পণ্য ১০টি, বাঁশ, বেত ও হস্তশিল্প চারটি, বিসিক মধু দুটি, কারুশিল্প ১০টি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। 

উল্লেখ্য, অনুষ্ঠানে বিসিকের উদ্যোগে দেশের কারুশিল্পীদের মধ্যে তাদের কাজের দক্ষতার স্বীকৃতিস্বরূপ কারুশিল্পী পুরস্কার-১৪২৯ প্রদান করা হয়। যার মধ্যে একজন শ্রেষ্ঠ কারুশিল্পীকে কারুরত্ন এবং নয়জন দক্ষ কারুশিল্পীকে কারুগৌরব পুরস্কার প্রদান করা হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)