আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদগুলো উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (১৭ এপ্রিল) চতুর্থ পর্যায়ে অর্ধশত মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় স্থাপন করতে নয় হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প ২০১৭ সালে গ্রহণ করে সরকার।
উল্লেখ্য, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটির মেয়াদ রয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায় এবং ২০২৩ সালের ১৬ মার্চে তৃতীয় পর্যায়ে ৫০টি করে মোট একশত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



