ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জনে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এশীয় অঞ্চলে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ব্যবসায়ী নেতাদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রফতানি উন্নয়ন ব্যুরো আয়োজিত ২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বমানের ওষুধ উৎপাদন করে আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশে রফতানি করছে। ওষুধ ছাড়াও আরো অনেক পণ্য রফতানি করে বাংলাদেশ সুনাম অর্জন করছে। বিশ্ববাজারে বাংলাদেশ নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে সক্ষম হয়েছে। খুব শিগগিরই বাংলাদেশ এই অঞ্চলে বাণিজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের ব্যবসায়-বাণিজ্য এগিয়ে যাবে নতুন দিগন্তে। নতুন নতুন পণ্য ও সেবার উদ্ভাবন আমাদের রফতানির ঝুড়িকে আরও সমৃদ্ধ করবে। পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা আহরিত হবে এবং সর্বোপরি বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল স্মার্ট দেশে রূপান্তরিত হবে।
মন্ত্রী জানান, ২০২৬ সালে দেশ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। এর ফলে প্রাথমিকভাবে আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আসবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
দেশে ব্যবসা-বাণিজ্য প্রসারের ফলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, এতে করে একদিকে যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয় অন্যদিকে বেকারত্ব হ্রাস পায়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের ফলে যে সকল মেগা প্রকল্প নেয়া হয়েছে এসব প্রকল্পের কাজ শেষ হলে দেশের অবকাঠামোগত এবং সার্বিক অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।
জাতীয় রফতানি ট্রফি বিজয়ী সকল রফতানিকারককে অভিনন্দন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় রফতানিতে রফতানিকারকদের স্বীকৃতির পাশাপাশি এই ট্রফি রফতানি খাতে একটি সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।
অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থবছরে ২৮টি পণ্য খাতে ৭১টি প্রতিষ্ঠানকে জাতীয় রফতানি ট্রফি প্রদান করা হয়। যারমধ্যে ২৮টি স্বর্ণ, ২৫টি রৌপ্য এবং ১৭টি ব্রোঞ্জ ট্রফি। এছাড়া, রফতানি খাত নির্বিশেষে সর্বোচ্চ রফতানিকারক প্রতিষ্ঠানকে সেরা রফতানিকারক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি (স্বর্ণ)’ প্রদান করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ ছাড়া জাতীয় সংসদের সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় ও আওতাধীন দফতর/সংস্থা প্রধান এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



