এনডিসি কোর্সের প্রতিনিধি দলের এফবিসিসিআই অফিস পরিদর্শন
বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে সরকারি-বেসরকারি পর্যায়ে একসাথে কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কোর্সের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কোর্স কারিকুলামের অংশ হিসেবে সোমবার এফবিসিসিআই কার্যালয়ে পরিদর্শনে আসেন তারা।
সোমবার (১৭ এপ্রিল) সকালে এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সিভিল সার্ভিস এবং বন্ধুপ্রতীম দেশ- মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ওমান, শ্রীলংকা, দক্ষিন সুদান, সুদান, তানজানিয়া এবং জাম্বিয়া এর স্বশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এফবিসিসিআই কার্যালয়ে আসেন। এসময় এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এফবিসিসিআই সভাপতি ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ব্রিফিং প্রদান করেন। উম্মুক্ত আলোচনায় এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশকে ব্র্যান্ডিং করার এখনই উপযুক্ত সময়। এজন্য সরকারি বেসরকারি পর্যায়ের একসাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের দেশে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। উন্নত দেশগুলোতে এ ব্যবধান খু্বই কম। শিল্পে কারখানার প্রয়োজনের সাথে সমন্বয় করার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।”
এলডিসি গ্র্যাজু্য়েশনের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বিশেষ করে শিল্প কারখানাভিত্তিক দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।
তিনি বলেন, পাকিস্তান, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের জনবল তুলনামূলক কম হলেও রেমিট্যান্সের দিক থেকে তারা বেশি পাচ্ছে। এর কারন তাদের কর্মীদের দক্ষতা উন্নয়ন। বাংলাদেশে দক্ষতা উন্নয়নের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে (এনএসডিএ) ফোকাল পয়েন্ট করে একটি সিঙ্গেল উইন্ডো হিসেবে কাজ করা প্রয়োজন বলে জানান তিনি।
এনডিসি প্রতিনিধিদলের প্রধান এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম এফবিসিসিআইর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এফবিসিসিআই এর কার্যক্রম ও উদ্যোগের প্রশংসা করেন তিনি। এফবিসিসিআই কার্যালয় পরিদর্শন এবং ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তরভাবে জানতে পারায় বাংলাদেশের অর্থনীতি ও সংগঠন সম্পর্কে আরও এনডিসি প্রশিক্ষনার্থীদের ধারণা আরও সমৃদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এফবিসিসিআই সহ-সভাপতি এম এ মোমেন বলেন, দেশের অর্থনীতিসহ সার্বিক উন্নয়ন প্রবৃদ্ধির জন্য এ ধরনের যোগাযোগ অব্যাহত রাখা দরকার।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিগ্রেডিয়ার জেনারেল মো. তারিকুল ইসলাম, পিবিজিএমএস, পিএসসি।
এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি মোঃ আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এম জি আর নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, সৈয়দ সাদাত আলমাস কবির, আবু হোসেন ভূঁইয়া (রানু) সহ অন্যান্যরা।
বিনিয়োগবার্তা/ডিএফই//



