জনপ্রশাসন মন্ত্রণালয় 0

চার সচিব পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে গতকাল চার সচিব পদে রদবদল করা হয়েছে। সরকারের চার মন্ত্রণালয়ের সচিব পদে এ পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে নিয়োগ দেয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদানের আগে নাহিদ রশীদ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে এবং তারও আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৯১ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। অন্যদিকে মু. আ. হামিদ জমাদ্দার ২০২১ সালে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব পদে পদায়িত হন। ১৯৯৩ সালে প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

এদিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

খলিল আহমেদ বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। আগে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। হামিদা বেগম এর আগে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। অন্যদিকে মো. মশিউর রহমান ১৯৯১ সালে চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)