আজ পবিত্র ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক: আজ পবিত্র ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসের রোজা পালন শেষে সারা দেশের মুসলিম ধর্মাবলম্বীরা আজ সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে দিনটি।
রাজধানীতে এবারও প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত। ঈদের সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণী পেশার মানুষ এ জামাতে অংশ নিয়েছেন। কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হওয়ার কথা। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মত এবারও ঈদের দিন পাঁচটি জামাত হবে ঢাকায় বায়তুল মোকাররমে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হয়েছে সকাল ৭টায়। এতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। ইমাম ছিলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।
৯টায় তৃতীয় জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু ছালেহ পাটোয়ারী। বাতুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান এ জামাতের মুকাব্বির থাকবেন। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।
পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম। মুকাব্বির হবেন খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম। পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।
নামাজে অংশ নিতে যাওয়া মুসল্লিদের মসজিদ ও মসজিদের আশপাশে কোনো ধরনের লাইটার, দিয়াশলাই বা যে কোনো ধরনের দাহ্য পদার্থ সঙ্গে নিয়ে না যাওয়ার অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ঈদের দিন নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ছাড়া কোনো ধরনের ব্যাগ বা সামগ্রী সঙ্গে আনতে পারবেন না বলেও জানান তিনি।
বিনিয়োগবার্তা/ডিএফই//



