রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা

বিত্তশালী ও সামর্থ্যবানদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: সমাজের বিত্তশালী সামর্থ্যবান ব্যক্তিদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার ( ২২ এপ্রিলসকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর সময় রাষ্ট্রপতি আহ্বান জানান।

ইসলামের মহান শিক্ষাকে ধারণ করে মানবসেবায় নিজেদের নিয়োজিত করার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এসময় রাষ্ট্রপ্রধান ধনী-গরিব নির্বিশেষে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বিত্তশালী সামর্থ্যবানদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। তাদের দুঃখ-কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতরে সবার অঙ্গীকার হলো, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানো।

এদিন বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে শেষবারের মতো জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। কারণ, আগামী ২৪ এপ্রিল বেলা ১১টায় এক শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি তার কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করবেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিদায়ী রাষ্ট্রপতি তার সহধর্মিণী রাশিদা খানমসহ পরিবারের সদস্যরা শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সংশ্লিষ্ট সচিবেরা অনুষ্ঠানে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)