ভোমরা স্থলবন্দর

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

সাতক্ষীরা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কর্যক্রম।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে।

এর আগে গত ১৯ এপ্রিল (বুধবার) থেকে ২৪ এপ্রিল (সোমবার) পর্যন্ত এই বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিলো। তবে, এসময় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পেরেছেন।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে এই বন্দরে আমদানি-রপ্তানিকার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে আবারো উভয় দেশের স্থল বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মাজরিহা হোসাইন বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পেরেছেন।

ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বলেন, ছুটি শেষে বন্দর তার স্বাভাবিক রূপে ফিরে এসেছে।

বিনিয়োগবার্তা/এসএ/এসএএম//


Comment As:

Comment (0)