স্মার্ট বাংলাদেশে প্রত্যেক নাগরিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারের স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্পের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশে প্রত্যেক নাগরিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হবে। প্রযুক্তির মাধ্যমে সব অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। সরকার প্রযুক্তিগতভাবে স্মার্ট হবে এবং সমাজের সব স্তরে এর প্রতিফলন হবে।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের আমন্ত্রণে গ্রোথ সামিট-২০২৩ শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনে অন্যতম প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণের সময় তিনি এসব কথা বলেন।
রবিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়তে পারে। প্রযুক্তিগত উৎকর্ষের ফলে সৃষ্ট এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং উদ্ভাবন-নির্ভর সমাজ বিনির্মাণে প্রযুক্তি ও উদ্ভাবন নির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি প্রযুক্তি ও উদ্ভাবন নির্ভর শিক্ষাব্যবস্থাকে স্মার্ট বাংলাদেশ প্রণয়নের অন্যতম অনুষঙ্গ হিসেবে অভিহিত করে, শিক্ষা ব্যবস্থার সবস্তরে প্রযুক্তির প্রসারে সরকার কর্তৃক প্রণীত ন্যাশনাল মাস্টারপ্ল্যান ফর আইসিটি ইন অ্যাডুকেশন, ন্যাশনাল ব্লেন্ডেড অ্যান্ড অ্যাডুকেশন অ্যান্ড স্কিল মাস্টার প্ল্যান প্রভৃতির ওপর আলোকপাত করেন।
শিক্ষামন্ত্রী গত ২-৩ মে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন উচ্চ পর্যায়ের ডায়ালগসমূহে অংশ নেন। এ সময় তিনি, ক্রমবর্ধমান ডিজিটাল বৈষম্য সৃষ্টির পরিপ্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজন রয়েছে মর্মে মন্তব্য করে, শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থান- এই ত্রয়ীর মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান যেন কর্মক্ষেত্রে অনুপযোগী হয়ে না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়া শিক্ষামন্ত্রী শিক্ষণ ও দক্ষতার উত্তরোত্তর উন্নয়নের জন্য বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার সুস্পষ্ট রূপরেখা সৃষ্টির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সবাইকে আহ্বান জানান।
বিনিয়োগবার্তা/এএইচএস//



