BD Govt

২ হাজার ৮২ কোটি টাকার ৮ প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ২ হাজার ৮২ কোটি টাকা ব্যয়ে আটটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ বিষয়ে ব্রিফিং দেন।

সভায় অনুমোদনের জন্য আটটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পাঁচটি প্রস্তাবনা ছিল। প্রস্তাবগুলোর মোট অর্থমূল্য ২ হাজার ৮২ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগকে ‘‌আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশনের জন্য সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) থেকে তিন কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড ৪০৬ কোটি ৫০ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি সিঙ্গাপুরের স্মার্ট ম্যাট্রিক্স পিটিই লিমিটেডের (স্থানীয় এজেন্ট মার্ক লাইন এন্টারপ্রাইজ, ঢাকা) কাছ থেকে ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। প্রতি কেজি চিনির মূল্য ৮২ দশমিক ৯৪ টাকা। আগের মূল্য ছিল ৮২ দশমিক ৮৯ টাকা। 

টিসিবিকে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ভারতের গুভেন ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের (স্থানীয় এজেন্ট এইচএইচ এন্টারপ্রাইজ, ঢাকা) কাছ থেকে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৪৬ দশমিক ১০ টাকা। আগের দাম ছিল ১৫৭ দশমিক ৭৪ টাকা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরকে ‌সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ডব্লিউপি-০৪ প্যাকেজের লট নং ডিএস-৭-এর পূর্তকাজ চীনের এসআরবিজি ও বাংলাদেশের বিটিসির জয়েন্ট ভেঞ্চারের কাছ থেকে ৯৪৭ কোটি ৭৪ লাখ ১২ হাজার ৯৫১ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ প্রকল্পে অর্থায়ন করছে। সওজের একই প্রকল্পের ডিএস-৮ লটের পূর্তকাজ চীনের সিএসসিইসি৭ এবং বাংলাদেশের স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের জয়েন্ট ভেঞ্চারের কাছ থেকে ১ হাজার ১৭৮ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

সওজকে ‘গৌরীপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-২-এর পূর্তকাজ তাহের ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে ১৩১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৬৪৭ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

সওজকে ‘‌শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ-১-এর পূর্তকাজ মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও সাগর ইনফো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ১৪৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। একই প্রকল্পের পিডব্লিউ-২ প্যাকেজের পূর্তকাজ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ১৮০ কোটি টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া গতকাল অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরকে ‘‌হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট (দ্বিতীয় সংশোধিত)’ অপারেশনাল প্ল্যানের আওতায় ‘‌এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’ থেকে অত্যাবশ্যকীয় ওষুধ ও ইউনাইটেড নেশন্স অফিস ফর প্রজেক্ট সার্ভিস থেকে ফার্স্ট লাইন টিবি ড্রাগস, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল সাপ্লাইজ এবং ল্যাবরেটরি ইকুইপমেন্ট সরাসসি ক্রয় পদ্ধতিতে কেনার জন্য নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)