এসএমই

সেমিনারে বিশেষজ্ঞরা

এসএমই খাতের উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। সেই সঙ্গে পণ্যের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি মান এবং দরকষাকষির ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গতকাল পর্যটন ভবনে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের চ্যালেঞ্জ বিষয়ে এসএমই ফাউন্ডেশন এবং জার্মান উন্নয়ন সংস্থা ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশ: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটিস ফর এসএমই শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘‌জরুরিভিত্তিতে অন্তত আটটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা প্রয়োজন। এখন পর্যন্ত শুধু শ্রীলংকা ও ভুটানের সঙ্গে এ চুক্তি করা সম্ভব হয়েছে। তাই এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ দরকার। পাশাপাশি এসএমই খাতের উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে ডাটাবেজ তৈরি প্রয়োজন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান মূল প্রবন্ধে বলেন, বাংলাদেশের এসএমই খাতের দক্ষ জনশক্তি ও ব্যবস্থাপক এবং প্রযুক্তির অভাব রয়েছে। এসব সমস্যা সমাধানে এসএমই খাতের উন্নয়নে প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন দক্ষ ব্যবস্থাপক গড়ে তুলতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)