সৌদি আরবে হজ পালনকারীর সেবা নিশ্চিত করছে সরকার
বিনিয়োগবার্তা ডেস্ক: বৃহস্পতিবার পর্যন্ত ৯ হাজার ৭ শত ৮৯ জন হাজী সরকারিভাবে মক্কায় পৌঁছেছেন। অন্যান্য সকল সেবার সাথে কোন হাজী হারিয়ে গেলে বা হঠাৎ অসুস্থতা জাতীয় সমস্যার তাৎক্ষণিকভাবে সেবা নিশ্চিত করছে বাংলাদেশ হজ অফিস।
বাংলাদেশ থেকে আসা হজ সেবায় সকল দলের প্রধান ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো: মতিউল ইসলাম জানান, 'মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান হজ সেবা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যে কোন সমস্যায় এখানে প্রশাসনিক, কারিগরীসহ সবাই দলগতভাবে কাজ করছেন। আলোচনা সভা ও অনলাইন গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে।'
সম্প্রতি বরাদ্দ করা আবাসিক সুবিধা নিয়ে একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে। গত বুধবার মক্কা পৌঁছানো হজ পালনকারী আবুল হোসেন সরকার (আইডি নং-৭১১৫০০৩) রুমের অভিযোগে বলেন, এসি কাজ করলেও ফ্যান অকেজো। অভিযোগ জানালে বললো সমাধান হবে।'
এ বিষয়ে হজ কাউন্সেলর জহিরুল ইসলাম জানান,' সম্মানিত হাজী সাহেবদের আবাসিক ব্যবস্থায় কোথাও কোন অভিযোগ পেলে তা হোটেল কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত সমাধানে নির্দেশনা দেয়া আছে। নির্বিঘ্নভাবে হজ সম্পাদনে সরকার আন্তরিকভাবে কাজ করছে।'
প্রসঙ্গক্রমে, গত সোমবার (২২ মে) হজ পালনে বেসরকারিভাবে নওগা থেকে আগত মোছা. হোসনে আরা বেগম (আইডি নং-০৫৬৮১৭৩) ক্বাবা শরীফ থেকে ফেরার পথে হারিয়ে গেলে হজ অফিসের তাৎক্ষণিক পদক্ষেপে তাকে ফিরে পাওয়া যায়।
বিনিয়োগবার্তা/ডিএফই//



