WhatsApp Image 2023-05-30 at 6

পারস্পরিক বাণিজ্য বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ-কটন ইউএসএ

নিজস্ব প্রতিবেদক: কটন ইউএসএ এর একটি প্রতিনিধি দল বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এর সাথে পারস্পারিক বাণিজ্য সুবিধার  সুযোগ তৈরিতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য দেখা করেছেন।

মঙ্গলবার (৩০ মে) বিজিএমইএ ভবনে কটন ইউএসএ’র প্রতিনিধি দল এই সাক্ষাতে আসে।

প্রতিনিধি দলে ছিলেন উইলিয়াম আর. বেটেনডর্ফ (William R. Bettendorf), পরিচালক, সাপ্লাই চেইন মার্কেটিং এবং দক্ষিণ এশিয়া; স্টেফানি থিয়ার্স-র‌্যাচক্লিফ (Stephanie Thiers-Ratcliffe), পরিচালক, ইউরোপিয়ান ব্র্যান্ডস এবং রিটেইলার্স এবং আলী আরসালান, বাংলাদেশ কনসালটেন্ট, কটন ইউএসএ।

বৈঠকে বিজিএমইএ এর পরিচালক তানভীর আহমেদও উপস্থিত ছিলেন।

তাদের আলোচনায় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিশেষ করে পোশাক এবং কটনখাতে আরও বাণিজ্যের পথ প্রশস্ত করতে উভয় সংস্থা কিভাবে একসাথে কাজ করতে পারে তা স্থান পায়।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ কর্তৃক ইউএস কটনের বিষয়ে বাধ্যতামূলক ফিউমিগেশন প্রত্যাহার করায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের জন্য পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “এখন থেকে মার্কিন কটন আমদানিকারক বাংলাদেশী ব্যবসায়ীরা ফিউমিগেশন ছাড়াই কটন আমদানি করতে পারবেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কটন আমদানিতে আমদানিকারকদের ব্যয় ও সময় সাশ্রয় করবে এবং ঝামেলা কমাবে।

তিনি বলেন, মার্কিন সরকার যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কটন দিয়ে প্রস্তুতকৃত পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়, তাহলে মার্কিন আমদানিকারকরা বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক কিনতে পারবেন। এ বিষয়ে তিনি কটন ইউএসএ এর সহযোগিতা কামনা করেন।
   
তিনি আরও বলেন, এটি বাংলাদেশী পোশাক রপ্তানিকারক এবং মার্কিন কটন উৎপাদনকারী, উভয় পক্ষকেই উপকৃত করবে এবং উভয় পক্ষের জন্যই একটি লাভজনক পরিস্থিতি তৈরি করবে।

ফারুক হাসান কটন ইউএসএ প্রতিনিধি দলকে ২০২৩ সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিজিএমইএ এর উদ্যোগে আয়োজিতব্য বাংলাদেশ অ্যাপারেল সামিট বিষয়ে অবহিত করেন এবং মার্কিন কটন রপ্তানিকারক এবং পোশাক ক্রেতাদের এ সম্মেলনে অংশগ্রহনের আমন্ত্রণ জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। কারণ রপ্তানিমুখী পোশাক শিল্পে চাহিদার ৯৯ শতাংশ কটনই আমদানি করা হয়।

বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষস্থানীয় তুলা রপ্তানিকারক দেশ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)