প্রধানমন্ত্রীর সারথি হয়ে পুলিশ-সাংবাদিকদের কাজ করতে হবে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর্থ-সামাজিক উন্নতি ঘটেছে। এর সুফল আমরা সবাই ভোগ করছি। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দুর্বার গতিতে এ দেশ এগিয়ে চলেছে। সেই উন্নয়নে প্রধানমন্ত্রীর সারথি হয়ে পুলিশ-সাংবাদিকসহ সবাইকে কাজ করতে হবে।
বুধবার (৩১ মে) পুলিশ সদর দফতরের হল অব প্রাইডে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, পুলিশের সঙ্গে অপরাধ বিষয়ক রিপোর্টারদের সংগঠন ক্র্যাবের সঙ্গে একটি ভালো সম্পর্ক রয়েছে। আমরা পরস্পর অনেক কাজ করি। নির্বাচনী ডিউটিতে পাশাপাশি কাজ করে থাকি। দায়িত্বের চেয়ে তাই পারস্পারিক প্রত্যাশাটাও আমাদের বেশি।
তিনি আরো বলেন, বর্তমানে পুলিশের সোর্স অব ইনফরমেশন হলো সাংবাদিক, আর সাংবাদিকদের পুলিশ। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যোগাযোগটা বেশি দরকার। যোগাযোগ বেশি হলে পেশাগত দায়িত্ব পালন সহজ হয়। সাংবাদিক ও পুলিশের উদ্দেশ্যই হচ্ছে সমাজের বিভিন্ন অনিয়ম দূর করা। সেজন্য আমাদের পারস্পারিক সহযোগিতা ও যোগাযোগ বেশি দরকার। সাংবাদিকদের কারণেই আজকে পুলিশের ভালো দিকগুলো প্রকাশ পাচ্ছে, বাড়ছে পুলিশ প্রীতি। সম্প্রীতির এ বন্ধন জনগণের সঙ্গে আরো সুদৃঢ় হবে।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আগে কোনো মামলা তদন্ত করতে হলে সোর্সের ওপর নির্ভর করতে হতো। এখন ৯৫ শতাংশ আনডিটেক্টেড কেস নিষ্পত্তি করছে পুলিশ। বর্তমানে প্রযুক্তিগত সক্ষমতা, আধুনিক প্রশিক্ষণ, বিভিন্ন আধুনিক সরঞ্জাম সংযোজন, জনবল বাড়ানোসহ সবকিছু মিলে আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, ডিআইজি খন্দকার লুৎফুল কবির, এআইজি মনজুর হোসেন, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, সহ-সভাপতি মাসুম মিজান, অর্থ সম্পাদক এমদাদুল হক খান, সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফর আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন ইমু, কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//



