WhatsApp Image 2023-05-31 at 6

জলবায়ূ-নিরপেক্ষ এবং সার্কুলার পোশাক খাত গড়তে একসঙ্গে কাজ করবে এইচএন্ডএম-বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্যাশন রিটেইলার, এইচএন্ডএম গ্রুপ (H&M Group) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)  পোশাক শিল্প খাতে সাসটেইনেবিলিটি বিষয়ে অভিন্ন লক্ষ্য অর্জনে এক সঙ্গে কাজ করার জন্য একটি অংশীদারিত্বে প্রবেশ করেছে। অংশীদারিত্বের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে  পোশাক শিল্পের রূপান্তরকে সার্কুলার এবং জলবায়ূ  নিরপেক্ষ পোশাক শিল্পের দিকে ধাবিত করা।

বুধবার (৩১ মে) এইচএন্ডএম গ্রুপ (H&M Group) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন।   

এ বিষয়ে এইচএন্ডএম গ্রুপের সিইও হেলেনা হেলমারসন (Ms. Helena Helmersson) এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে, বিজিএমইএ এবং এইচএন্ডএম গ্রুপ সমগ্র ভ্যালু চেইন জুড়ে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমাতে এবং সাপ্লাই চেইনে কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য যৌথ প্রচেষ্টা চালাবে।

এই অংশীদারিত্ব ২০৩০ নাগাদ শিল্পে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ৩০ শতাংশ কমানোর বিষয়ে বিজিএমইএ এর রূপকল্পকে সহায়তা করবে।

উভয় পক্ষই সার্কুলার এবং জলবায়ূ নিরপেক্ষ অনুশীলনের দিকে শিল্পের স্থানান্তরের জন্য একটি  কৌশলগত রোড ম্যাপ তৈরি এবং বাস্তবায়নে এক সঙ্গে কাজ করবে।
 
এইচএন্ডএম গ্রুপের সিইও হেলেনা হেলমারসন বলেন,  “শিল্পের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে,  শিল্পের দায়িত্ব যৌথভাবে নিতে হবে। একসঙ্গে যুক্ত  হয়ে এবং শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে আমরা শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পরিবর্তনগুলো ত্বরান্বিত করতে এবং সার্কুলারিটি ও কার্বন নির্গমন রোধের সাথে যুক্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবো।”

বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান বলেন, “বাংলাদেশের পোশাক শিল্প পরিবেশগত টেকসই শিল্পায়নের পথে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পরিবেশবান্ধব  পোশাক কারখানার আবাসস্থল হিসেবে সবুজ শিল্পায়নে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। পোশাক শিল্পের বৃহত্তম বাণিজ্য সংগঠন হিসেবে, বিজিএমইএ এই খাতে পরিবেশগত  টেকসই উন্নয়ন এবং শিল্পের অর্জনগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সকল সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করা শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম ব্র্যান্ড, এইচএন্ডএম বাংলাদেশের পোশাক শিল্পে পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক বিষয়গুলোতে ব্যাপক অবদান রেখে আসছে। আমি আশা করি, এই  সহযোগিতা সাসটেইনেবিলিটি এর দিকে আমাদের যাত্রায় আরও গতির সঞ্চার করবে। এই অংশীদারিত্ব শিল্প, অর্থনীতি এবং জলবায়ূর ওপর ইতিবাচক প্রভাব রেখে টেকসই উপায়ে শিল্পের প্রবৃদ্ধির বিষয়ে বাংলাদেশের পোশাক শিল্পের দৃঢ় প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে।”

অনুষ্ঠানে যোগদানকারী বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফনলিন্ডে বলেন, “এইচএন্ডএম গ্রুপ এবং বিজিএমইএ এর মধ্যে সহযোগিতা বাংলাদেশে পোশাক শিল্পের সবুজ প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুইডেন সরকার এবং ঢাকাস্থ সুইডিশ দূতাবাস আগামি দিনগুলোতেও বাংলাদেশের পোশাক শিল্পের সাসটেইনেবিলিটি ক্ষেত্রে অব্যাহত অগ্রগতি প্রত্যক্ষ করতে চায় এবং এ ব্যাপারে শিল্পের সবুজ প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সহযোগিতার হাত প্রসারিত করবে।”

ঢাকায় অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এইচএন্ডএম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, ফয়সাল রাব্বি, ইয়োসেফ এল নাটুর, কারিন লিন্ড, অ্যাডাম কার্লসন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি শহিদ উল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, পরিচালক ইনামুল হক খান (বাবলু), পরিচালক নীলা হোসনা আরা এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেল এর চেয়ারম্যান শামস মাহমুদ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)