মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে বাজেট উপলক্ষে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। ওই সময় ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করবেন।
এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য ধরা হয়েছে— ‘উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’
আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে এ বাজেটে। এটি বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে, আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
জাতীয় সংসদে টানা পঞ্চমবারের মতো বাজেট পেশ করবেন আ হ ম মুস্তফা কামাল। এটি হবে দেশের ইতিহাসে ৫২তম ও আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদের ২৪তম বাজেট।
বিনিয়োগবার্তা/এমআর//



