চিলাহাটি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী নতুন আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৪ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন এই আন্তঃনগর টেনের উদ্বোধন করেন সরকারপ্রধান।
উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ দেশের জনগণকে সেবা দিতে চায় উল্লেখ করে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন এই রেলসেবা ভৌগলিক ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপি সরকারের আমলে রেল ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলো। আধুনিক ও গতিশীল রেলসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা আলাদা করে রেল মন্ত্রণালয় করেছি যাতে মানুষ আরও বেশি সুবিধা পায়।
ট্রেনটির উদ্বোধনের জন্য চিলাহাটি রেলওয়ে স্টেশন প্রান্তে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক মন্ত্রী নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত সংসদ সদস্য রাবেয়া আলিম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আলিম মাহমুদ, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) ফারহানা আকতার সুমি প্রমুখ।
গনভবণ প্রান্তে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে রেল খাতের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, আগামী সেপ্টেম্বরে ঢাকা- কক্সবাজার ও পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙ্গা ট্রেন চলাচল শুরু হবে। পাশাপাশি আগামী জুলাই মাসে মোংলা বন্দরের সঙ্গে খুলনা ও আখাউড়া- আগরতলায় রেললাইন সংযোগ চালু হবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, সপ্তাহে শনিবার ছাড়া ছয়দিন চিলাহাটি এক্সপ্রেস নামের (৮০৬/৮০৫) এক জোড়া ট্রেন চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে। এর মধ্যে যাত্রাপথে ১২টি স্টেশন ডোমার, নীলফামারী, সৈয়দপুর,পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহার, নাটোর, ঈশ্বরদী বাইপাস, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দেবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, ৫২৬ কিলেমিটার রেলপথে ট্রেনটি চিলাহাটি থেকে ছাড়বে সকাল ৬টায়, ঢাকায় পৌঁছাবে বেলা ৩টা ১০ মিনিটে এবং ঢাকা থেকে বিকাল ৫টায় ছেড়ে চিলাহাটি পৌঁছাবে ভোর ৩টায়। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (৮০৬/৮০৫) শনিবার।
সূত্রমতে ট্রেনটিতে ১১টি বগিতে ৭৯২টি সিট থাকবে। এরমধ্যে দুটি এসি চেয়ার কোচে ১৬০টি সিট, একটি প্রথম শ্রেণির এসি কোচে ৪৮টি সিট ও ৮টি নন এসি শোভন চেয়ার কোচে ৫৮৪টি সিট রয়েছে। নিয়মিত যাতায়াতের পাশাপাশি আসছে কোরবানির ঈদযাত্রায় উত্তরাঞ্চলের মানুষ এই ট্রেনে চলাচলের সুবিধা ভোগ করতে পারবেন। আজ ট্রেনটির উদ্বোধন হলেও এর বাণিজ্যিক যাত্রা আগামী ৭ জুন হতে কার্যকর হবে। ট্রেনটির টিকেট অনলাইনে পাওয়া যাচ্ছে।
বিনিয়োগবার্তা/এমআর//



