বাজেট সম্পর্কে আলোচনায় ডিব্রিফিং সেশন গুরুত্বপূর্ণ: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে বাজেট ডিব্রিফিং সেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বাজেট ডিব্রিফিং সেশন এবং বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে এমপিরা সক্রিয় আলোচনায় অংশ নিতে পারেন।
রবিবার (৪ জুন) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৩’ এর আওতায় ‘সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-১ ও ২’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাজেট ডিব্রিফিং সেশনের উদ্বোধন করেন। ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) এর আয়োজন করে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাজেট ডিব্রিফিং সেশনে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের স্বনামধন্য রিসোর্স পারসনদের উপস্থাপনার উপরে এমপিরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারেন। এ সময় তিনি বাজেট ডিব্রিফিং সেশনের সফলতা কামনা করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। সূচনা বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মুখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
পরবর্তীতে ‘সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ২০২৩: অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ‘২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে গৃহীত উদ্যোগ’ বিষয়ে বাংলাদেশ এনার্জি সোসাইটির সভাপতি আবুল কালাম আজাদ আলোচনা করেন।
এ সেশনে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম পরিচালক মার্গা পিটারাসও সেশনে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এএইচএস//



