ভারতের সঙ্গে সিইপিএ সম্পাদনের উদ্যোগ নেগোসিয়েশন পর্যায়ে: সংসদে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনোমিক পাটনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) সম্পাদনের উদ্যোগ নেয়া হয়েছে, যা এখনো নেগোসিয়েশন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় এমপি মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
এরআগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের ফলে ২০২৬ সালের পর থেকে ভারতে পণ্য রফতানিতে ডিউটি ফ্রি কোটা সুবিধা পাবে না। এতে পণ্য রফতানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ বিষয়টি বিবেচনা করে ভারতের সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনোমিক পাটনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) সম্পাদনের উদ্যোগ নেয়া হয়েছে। এটি এখনো নেগোসিয়েশন পর্যায়ে রয়েছে।
সরকার দলীয় এমপি কাজিম উদ্দিন আহম্মেদের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, মজুদ (২৪ মে ২০২৩) খাদ্যশস্যের মধ্যে চাল ১২ দশমিক ২৫ মেট্রিন টন, গম ৩ দশমিক ৯৬ টন এবং ধান ৯ হাজার টন। শেখ হাসিনা জানান, খাদ্য মজুদ বাড়াতে বর্তমান বোরো সংগ্রহ মৌসুমে ৪ লাখ টন ধান ও ১২ দশমিক ৫০ টন চালসহ চাল আকারে সর্বমোট ১৫ দশমিক ১০ লাখ মেট্রিন টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে অভ্যন্তরীণ গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ লাখ মেট্রিন টন নির্ধারণ করা হয়েছে। অধিকতর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি অর্থ বছরে এ পর্যন্ত (২৩ মে ২০২৩) ছয় দশমিক ৩৪ লাখ টন চাল ও ছয় দশমিক ৮০ টন গম আমদানি করা হয়েছে বলে সরকার প্রধান জানান।
আওয়ামী লীগ দলীয় এমপি আলী আজমের প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, দেশের নতুন নতুন এলাকায় ভূ-তাত্ত্বিক জরিপ ও সিসমিক সার্ভে কার্যক্রম জোরদার করা হয়েছে। ২০০৯ সাল থেকে এ এ পর্যন্ত ৩২ হাজার ৫৮১ লাইন কিমি ২ডি এবং ৬ হাজার ২২২ বর্গ কিমি ৩ডি সিসমিক সার্ভে সম্পন্ন হয়েছে। এ সময়ে ২০টি অনুসন্ধান কূপ, ৫৪টি উন্নয়ন কূপসহ ৭৪টি কূপ খনন এবং ৪১টি কূপে ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে ৬টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। দেশে এ পর্যন্ত খননকৃত মোট অনুসন্ধান কূপের প্রায় এক-পঞ্চমাংশ বর্তমান সরকারের আমলে হয়েছে।
ভোলার ইলিশায় নতুন আবিষ্কৃত ২৯তম গ্যাসক্ষেত্রের মজুদসহ বর্তমানে গ্যাসের মজুদ ২৮ দশমিক ৭৬ ট্রিলিয়ন ঘনফুট বলে জানান শেখ হাসিনা।
বিনিয়োগবার্তা/এসএএম//



