হাজিদের সর্বোচ্চ ৪২ দিনের মধ্যে ফিরতি টিকিট দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: হজযাত্রীদের সুবিধার্থে ফিরতি টিকিট ৩০ থেকে ৪২ দিনের মধ্যে ইস্যু করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
জানা গেছে, চলতি বছর যারা হজে যাচ্ছেন তাদের মধ্যে অনেক হজযাত্রীর ফিরতি টিকিট ৫০ থেকে ৫৩ দিন নির্ধারণ করে ইস্যু করা হচ্ছে। এতে অনেক হজযাত্রী বেকায়দায় পড়েছেন।
এরই পরিপ্রেক্ষিতে রোববার ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
অনেক হজযাত্রী অভিযোগ করছেন, হজ পালনের জন্য কর্মস্থল থেকে তারা সর্বোচ্চ ৪৫ দিনের ছুটি নিয়েছেন। এখন যদি ৫০ দিনের বেশি সৌদিতে থাকতে হয় তবে কর্মস্থলে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে।
নির্দেশনায় বলা হয়, হজ প্যাকেজ ২০২৩ এর ৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী হজযাত্রীদের সৌদি আরবে সর্বনিম্ন ৩০ দিন, তবে ৪২ দিনের বেশি অবস্থান করতে পারবেন না মর্মে উল্লেখ থাকা স্বত্বেও কিছু কিছু ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের জন্য বিমান টিকিটের মেয়াদ ৫০-৫৩ দিন নির্ধারণ করে টিকিট ইস্যু করা হচ্ছে। সেক্ষেত্রে অসচ্ছল, অসুস্থ এবং চাকরিরত হজযাত্রীদের ছুটির অনুমতি নেয়াসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ ধরনের টিকিট পাওয়া হজযাত্রীরা মক্কা হজ অফিসে এসে তাদের টিকিট পরিবর্তনের জন্য জোর দাবি জানাচ্ছেন। তাই সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার স্বার্থে হজযাত্রীদের জন্য ইস্যু করা বিমান টিকিটের মেয়াদ সর্বোচ্চ ৪২ দিন নির্ধারণ করা প্রয়োজন।
এ অবস্থায় যেসব হজযাত্রীর হজ শেষে ফেরত আসার টিকিটের মেয়াদ ৪২ দিনের বেশি নির্ধারণ করে টিকিট ইস্যু করা হয়েছে, সেসব হজযাত্রীর বিমান টিকিটের মেয়াদ সর্বোচ্চ ৪২ দিন নির্ধারণক্রমে ফেরত আসার টিকিট ইস্যু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিনিয়োগবার্তা/এমআর//



