সৌদি পৌঁছেছেন ৭৯ হাজার ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী, ১৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯ হাজার ৬৫৮ জন হজযাত্রী বিভিন্ন হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছান। এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় তিন নারীসহ ১৭ জন হজযাত্রী মারা গেছেন।
বুধবার (১৪ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের ২৪তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে ১৯ হাজার ৩৫৭ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।
এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে এক লাখ ১৫ হাজার চারটি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সর্বমোট ২৯ হাজার ১০৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা পেয়েছে ১৬ শতাংশ, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা পেয়েছে ৮৪ শতাংশ।
এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনার জন্য ৬০৩টি এজেন্সিকে অনুমোদন দেয়া হয়েছে বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। কিন্তু হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



