বীমা উন্নয়ন কর্তৃপক্ষ ও হোমল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের মধ্যে সভা
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এর সভাপতিত্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি: এর পরিচালনা পর্ষদের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২.০৬.২০২৩) বিকেল ৩টায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লি: এর চেয়ারম্যান মো: হান্নান মিয়ার নেতৃত্বে পরিচালকবৃন্দ এবং সিইও এর সমন্বয়ে ১২ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় কর্তৃপক্ষের সদস্য এবং নির্বাহী পরিচালকবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বীমা দাবি পরিশোধে বিশেষ গুরুত্বারোপসহ কোম্পানি পরিচালনায় শৃঙ্খলা আনয়ন, কর্তৃপক্ষের নির্দেশনা পরিপালন এবং কোম্পানির ব্যবসায় উন্নয়নের লক্ষ্যে সার্বিক বিষয় পর্যালোচনা শেষে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেওয়া হয়, যা নিম্নরূপ:
১। জুন ২০২৩ পর্যন্ত সকল অনিষ্পন্ন বীমা দাবী অবিলম্বে পরিশোধ করতে হবে।
২। আগামী ৩ বছরের ব্যবসায়িক কর্ম পরিকল্পনা দাখিল করতে হবে।
৩। পলিসি নবায়নের হার কমপক্ষে ৬০% এ উন্নীত করতে হবে।
৪। কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় অনুমোদিত সীমার মধ্যে রাখতে হবে।
৫। চলতি বছরের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় এ বছরের অবশিষ্ট সময়ের মধ্যে সমন্বয় করে অনুমোদিত সীমার মধ্যে আনতে হবে।
৬। কোম্পানির লাইফ ফাণ্ড বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
৭। অপরিশোধিত বীমা দাবী কোম্পানির হিসাবে যথাযথভাবে প্রভিশন করতে হবে।
৮। কোম্পানির তহবিল তসরূপের বিষয়ে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



