বায়তুল মোকাররমে সভা আজ
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে ২৮ জুন। সৌদি আরবের সুপ্রিম কোর্ট গতকাল এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।
ওই বিবৃতিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে সোমবার (১৯ জুন) জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা উদ্যাপিত হবে।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আজ। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত নিতে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে বাদ মাগরিব সন্ধ্যা সোয়া ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নে উল্লেখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বরগুলো হলো ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
বিনিয়োগবার্তা/ডিএফই//



